মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডব মোকাবিলায় বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রয়োগের পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। মূলত প্রাণঘাতী ভাইরাসটির শক্তিশালী ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই পথে হাঁটতে যাচ্ছে দেশটি।
বুধবার (২২ ডিসেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, কোভিড মহামারি মোকাবিলায় ভ্যাকসিনের চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় অনুমোদনের পর প্রাথমিকভাবে দেশটির সকল স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সী সকলকে চতুর্থ ডোজের আওতায় আনা হবে।
এ দিকে ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রয়োগের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। একই সঙ্গে বিষয়টি নিয়ে যথাযথ প্রস্তুতি গ্রহণে কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইসরায়েলে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রথম কোনো রোগীর প্রাণহানি ঘটে। এরপরই প্রাথমিকভাবে দেশের সকল স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সীদের চতুর্থ ডোজের আওতায় আনার সুপারিশ করে ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ৩৪০ জন করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে ওমিক্রনে সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। প্রাণ হারানো ওই ব্যক্তি করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেননি। সংবাদমাধ্যম এবিসির তথ্য মতে, ওমিক্রনে শনাক্ত হয়ে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম কোনো রোগীর মৃত্যু। এছাড়া ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপরই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। করোনার বি.১.১.৫২৯ নামক এই ভ্যারিয়েন্টকে গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর অনুযায়ী ‘ওমিক্রন’ নামকরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।